২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস কাঞ্চনদের অনশন ভাঙালেন যোগাযোগমন্ত্রী

নিরাপদ সড়কের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দফা দাবিতে অনশনরতদের পানি পান করালেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপদ সড়কের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দফা দাবিতে অনশনরতদের পানি পান করালেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। শনিবার বিকাল পৌনে ৪টায় মন্ত্রী সেখানে উপস্থিত হয়ে মন্ত্রী নিজে পানি পান করেন এবং ইলিয়াস কাঞ্চনকে পানি পান করিয়ে অনশন ভাঙান। আবুল হোসেন বলেন, "আমি কথা দিচ্ছি নিরাপদ সড়কের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমি নেব। আর এই দিনটিকে নিরাপদ সড়ক দিবস হিসাবে ঘোষণা করা যায় কি না সে ব্যাপারেও আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো।" ইলিয়াস কাঞ্চন অনশন ভাঙার আগে বলেন, "এর আগেও নানা সময়ে আমাদের নানা রকম আশ্বাস দেওয়া হলেও তার কোনোটাই মানা হয়নি।" সকাল ১০টায় শহীদ মিনারের মূল বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে 'নিরাপদ সড়ক চাই' সংগঠনের আয়োজনে এ প্রতীকী গণঅনশনের উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি করার দাবি প্রসঙ্গে আবুল হোসেন বলেন, "আমাদের দেশের জনসংখ্যা এবং শিক্ষার হার বিবেচনায় এ বিষয়টি সত্যিই যুক্তিযুক্ত কি না তা আপনাদের ভেবে দেখতে অনুরোধ করছি। তবে আমি কথা দিচ্ছি নিরাপদ সড়কের জন্য আমি আপনাদের হয়ে কাজ করবো, দায়িত্ব পালন করবো। আমার অনুরোধ আপনারা অনশন শেষ করুন।" এর আগে এই প্রতীকী অনশনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান মান্নাসহ কমিউনিস্ট পার্টির মুজাহিদুল ইসলাম সেলিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, চিত্রনায়ক সোহেল রানা, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানসহ অনেকে সংহতি জানিয়ে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২০৩১ ঘ.