ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে একটি স্কুলের শ্রেণী কক্ষে হাতবোমা বিস্ফোরণে তিন ছাত্র আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার দুপুর দেড়টার দিকে মিরপুর চিড়িয়াখানা রোডের বিসিআইসি স্কুল আ্যন্ড কলেজের একটি ভবনের দ্বিতীয় তলায় ষষ্ঠ শ্রেণীর কক্ষে এ বোমা বিস্ফোরণ ঘটে।
আহতরা হলো ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাকিবুল হাসান অয়ন (১২), সাইফুর রহমান (১৩) ও রাফসান জান নিশাদ (১২)।
শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, কিভাবে বোমার বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আহত তিন ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ছাত্ররা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/আরএ/১৭৫০ ঘ.
bdnews24