ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী বলেছেন, আগামী ১০ বছরে পূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সাংসদ ইমাজউদ্দিন প্রামাণিকের এক সিদ্ধান্ত প্রস্তাবের প্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।
কর্মহীনদের জন্য বিশেষ সুবিধা দিতে ইমাজউদ্দিনের আহ্বানে সাড়া দেননি অর্থমন্ত্রী।
তিনি বলেন, "সরকার তার সাধ্যের মধ্যে কাজ করবে। এই মুহূর্তে সুবিধা দেওয়া সম্ভব নয়।"
"যেসব দেশে এ ধরনের সুবিধা দেওয়া হয় সেখানে পূর্ণ কর্মসংস্থান পরিস্থিতি বিরাজমান। আগামী ১০ বছরের মধ্যে ওই স্তরে পৌঁছানো সম্ভব হবে না।"
দেশে ২৫ লাখ মানুষ বেকার জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিবছর আরো ১৮ লাখ তরুণ কর্মশক্তি হিসেবে এ হিসেবে যুক্ত হয়।
গত ১৮ মে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, দেশে পূর্ণ বেকারত্বের হার ১০ শতাংশের নিচে এবং আংশিক বেকারত্বের হার ৩০-৪০ শতাংশ।
অর্থমন্ত্রী বলেন, "আগামী দুবছরে আমাদের ৬১ লাখ কর্ম সৃজন করতে হবে।"
তিনি জানান, কর্মসংস্থান সৃষ্টিতে সরকার পাঁচশ কোটি টাকার ১০টি প্রকল্প নিয়েছে।
পরে আবুল মাল আবদুল মুজিতের অনুরোধে সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করেন ইমাজউদ্দিন প্রামাণিক।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ন্যাশনাল সার্ভিস কর্মসূচিও আওতায় তিন মাসের প্রশিক্ষণ দিয়ে অস্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়া হয়। এতে কাজ পাওয়ার ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং বয়স ২৪ বছর।
গোপালগঞ্জ, বরগুনা ও কুড়িগ্রামে চলমান এ কর্মসূচির আওতায় চলতি মাসে আরো সাতটি জেলাকে যুক্ত করা হয়। এগুলো হলো- রংপুর, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট ও ঠাকুরগাঁও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২৩৩৯ ঘ.
bdnews24