২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাবের দাবি

যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত-বিএনপি নেতাদের বিচারের বিরোধিতা করে খালেদা জিয়া সংসদ অবমাননা করেছেন বলে মনে করেন সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 02:35 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত-বিএনপি নেতাদের বিচারের বিরোধিতা করে খালেদা জিয়া সংসদ অবমাননা করেছেন বলে মনে করেন সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদরা। তারা বলছেন, সংসদে গৃহীত প্রস্তাবের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সংসদ অবমাননা করেছেন। এ জন্য তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান মহাজোট সাংসদরা। স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় খালেদা জিয়াও যুদ্ধাপরাধী বলে উল্লেখ করেছেন সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদরা। যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে নিয়ে বিরোধী দলের নেতার বিচারকে কঠাক্ষ বক্তব্য নিয়ে সংসদে সাধারণ আলোচনার দাবিও জানান সাংসদরা। স্পিকার আবদুল হামিদ বলেন, "এ বিষয়ে নোটিশ দেওয়ার পর আলোচনা করা যাবে।" চলতি মাসে সিলেট ও রাজশাহীতে চার দলের সমাবেশে খালেদা জিয়া একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর দেলওয়ার হোসাইন সাঈদী, সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি দাবি করেন। খালেদার বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, "স্বাধীনতার ৪১ বছর পর প্রমাণিত হয়েছে- খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিলেন। যুদ্ধাপরাধী ও স্বাধীনতার বিপক্ষে শক্তিকে রক্ষার জন্যে তিনি মাঠে নেমেছেন।" "যে অপরাধে নিজামী, মুজাহিদ, সাঈদী অপরাধী, তিনি [খালেদা] একই অপরাধে অপরাধী।" বিরোধীদলীয় নেত্রী সংসদকে অবমাননা করে একের পর এক বক্তব্য রাখায় তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সেলিম। যুদ্ধাপরাধের বিচারে ২০০৯ সালে সংসদে গৃহীত সিদ্ধান্ত প্রস্তাবের তথ্য তুলে ধরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "এ সিদ্ধান্তের [যুদ্ধাপরাধের বিচারে দ্রুত ব্যবস্থা] বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো এখতিয়ার কোনো নেতা বা সংসদ সদস্যের নেই।" "তিনি [খালেদা জিয়া] সংসদকে অবমাননা করেছেন। দেশের মানুষকে উপেক্ষা করে অপরাধ করেছেন।" সুরঞ্জিত বলেন, "রোর্ড মার্চ করে বিরোধীদলীয় নেতা যা তা বলবেন, তা হতে পারে না।" আওয়ামী লীগের আরেক জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, "নিজামী, সাঈদী, মুজাহিদী, সাকা চৌধুরীরা স্বাধীনতাবিরোধী ছিলেন। গোলাম আযমের মতো লোককেও বাংলাদেশে এনে নাগরিকত্ব দিয়েছিলেন তার [খালেদা জিয়ার] স্বামী [জিয়াউর রহমান]।" বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেওয়ার দাবি জানান তোফায়েল। জাতীয় সমাজতান্ত্রিক দলের মইনুদ্দিন খান বাদল আলোচনার সূত্রপাত করে স্পিকারকে বলেন, "বিরোধীদলীয় নেতা সংসদকে চ্যালেঞ্জ করেছেন। তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চাই। সংসদের এখতিয়ারের মধ্যে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।" সাংসদরা পয়েন্ট অব অর্ডারে যুদ্ধাপরাধের বিচার ও বিরোধী দলের নেতার কঠাক্ষ নিয়ে সংসদে আলোচনার দাবি জানান। এ বিষয়ে নোটিশ দেওয়ার আহ্বান জানিয়ে স্পিকার আবদুল হামিদ বলেন, "সংসদে এ নিয়ে আলোচনা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/২০৩০ ঘ.