ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি হালপাতালে কিডনি প্রতিস্থাপন ফের চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি।
সংরক্ষিত নারী আসনের সাংসদ তহুরা আলীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "বর্তমানে বেসরকারি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন বন্ধ রয়েছে। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন-১৯৯৯ এর প্রবিধান তৈরির জন্য খসড়া প্রস্তুতের কাজ চলছে। এ জন্য কিডনি প্রতিস্থাপন সাময়িক বন্ধ রয়েছে।"
বিকালে সোয়া ৪টার পর স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের একাদশতম অধিবেশনের প্রথম কর্মদিবস শুরু হয়।
কুমিল্লা-৯ আসনের সাংসদ মো. তাজুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "এমবিসিএস'র প্রশ্ন ফাঁস করার শক্তিশালী চক্রকে নির্মূল করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে গোয়েন্দা সংস্থার কাছে বিষয়টি হস্তান্তর করেছে এবং এ বিষয়ে গুলশান থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩৮০/৪১১ ধারায় গত ১৯ এপ্রিলে মামলা (২৭ নং) দায়ের করা হয়েছে।"
এছাড়াও প্রশ্নপত্র ফাঁসের শক্তিশালী প্রতারক চক্রের কিছু গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আইনের আওতায় রয়েছে বলে জানান মন্ত্রী।
এমবিবিএস ও বিডিএসে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা হয় গত ৩০ সেপ্টেম্বর। পরীক্ষার আগের রাতে প্রশ্নফাঁসের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। স¤প্রতি ওই পরীক্ষা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বিদেশি জাহাজে চাকরির নামে প্রতারণা
সাতক্ষীরা-২ আসনের সাংসদ এম এ জব্বার-এর লিখিত প্রশ্নের জবাবে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, "বিচ্ছিন্ন ঘটনায় মাঝে মধ্যে কুচক্রি মহল স্বীয় স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ভুয়া লাইসেন্স দিয়ে বিদেশি জাহাজে চাকরির নামে প্রতারণা করছে।"
"বিষয়টি সরকারের নজরে আসায় তা বন্ধের লক্ষ্যে বিমানবন্দরে ইমিগ্রেশনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।"
শাজাহান খান জানান, কিছু নাবিক রিক্রুটিং এজেন্টের মাধ্যমে বিদেশি জাহাজে চাকরির নামে প্রতারণার কারণে ইতোমধ্যে নাবিক রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল/স্থগিত করা হয়েছে। এজেন্টদের কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানোর লক্ষ্যে নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের পরিচালককে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
অধিবেশন শুরু
বিকাল ৪টা ২০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। উদ্বোধনী ভাষণে তিনি বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানান।
দিনের কার্যসূচির শুরুতে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন আবদুল হামিদ। তারা হলেন- আব্দুল মতিন খসরু, এ বি এম আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, জাফরুল ইসলাম চৌধুরী ও বেগম রুবী রহমান।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতি ক্রমানুসারে তারা স্পিকারের দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/১৮০৮ ঘ.
bdnews24