২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতিমালার 'ঘেরাটোপ' চান না অ্যাটর্নি জেনারেল

বিচারক নিয়োগের বর্তমান পদ্ধতির অনুসরণের পক্ষে অবস্থান নিয়ে এ নিয়ে কোনো নীতিমালা না করার পক্ষে মত জানিয়েছেন সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারক নিয়োগের বর্তমান পদ্ধতির অনুসরণের পক্ষে অবস্থান নিয়ে এ নিয়ে কোনো নীতিমালা না করার পক্ষে মত জানিয়েছেন সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, উচ্চ আদালতের বিচারকের মতো সাংবিধানিক পদে নিয়োগের বিষয়টিকে 'নীতিমালার ঘোরাটোপে' আবদ্ধ করা ঠিক হবে না। বর্তমানে প্রধান বিচারপতির পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি উচ্চ আদালতে নিয়োগ দিয়ে থাকেন। তবে বিচারক নিয়োগে একটি নীতিমালা প্রণয়নের প্রস্তাব আইনজীবীদের মধ্যেই অনেকে বলে আসছিলেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "আমেরিকার সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। কিন্তু এরপরও সেখানে নিয়োগ নিয়ে এভাবে কথা হয় না। "আমি ব্যক্তিগতভাবে মনে করি, সাংবিধানিক পদে নিয়োগ কোনো ধরনের নীতিমালার ঘেরাটপে আবদ্ধ করা ঠিক হবে না। কারণ এটা চাকরি নয়।" "তবে সরকার, সংসদ চাইলে নীতিমালা করতে পারে," যোগ করেন তিনি। হাইকোর্ট বিভাগের নতুন বিচারপতিদের সংবর্ধনা না দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনের পরই কথা বলেন মাহবুবে আলম। তিনি বলেন, "আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও সম্পাদক একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। নতুন নিয়োগ পাওয়াদের নিয়ে তাদের বক্তব্যও বিতর্ক সৃষ্টির জন্য।" "বর্তমান বিচারপতিদের নিয়ে তারা এখনই কথা বলছেন। বিচারক হিসাবে তাদের দক্ষতা বা যোগ্যতা নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। কারণ তারা তো এখনো বিচারকাজই শুরু করেননি।" নতুন নিয়োগ পাওয়া ১০ বিচারককে নিয়ে আইনজীবীদের আপত্তি নেই বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল। নতুন নিয়োগ পাওয়া বিচারপতিরা বৃহস্পতিবার শপথের পরপরই এজলাসে বসেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক বেঞ্চে বেঞ্চে গিয়ে তাদের সংবর্ধনা দেন। এ সময় সরকারি আইন কর্মকর্তা এবং সরকার সমর্থক আইনজীবীরা তাদের সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮২৩ ঘ.