২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রী অপহরণের সময় আটক ৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রীকে অপহরণের সময় তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় তাদের গণধোলাই দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

মৌলভীবাজার, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রীকে অপহরণের সময় তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় তাদের গণধোলাই দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ বহুমুখী বিদ্যালয়ের সামনে থেকে দশম শ্রেণীর ওই ছাত্রীকে অপহরণ করার তিন জনকে আটক করা হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আটককৃতরা হলেন- কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপন গ্রামের ইউছুফ আলী (২২), একই গ্রামের জহিরুল ইসলাম তালুকদার (২২) এবং প্রাইভেট কারের চালক মৌলভীবাজার সদর উপজেলার সাদিয়া গ্রামের সুমন আহমদ (২৩)। তাদের কাছ থেকে পুলিশ একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করে। অপহরণের শিকার এসএসসি পরীক্ষার্থী ওই স্কুলছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, নির্বাচনী পরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকে সে রিকশার জন্য অপেক্ষা করছিলো। এসময় একটি প্রাইভেট কার তার সামনে এসে থামে। সেখান থেকে দুই যুবক নেমে পিস্তল দেখিয়ে তাকে গাড়িতে তুলে নেয়। গাড়িটি শ্রীমঙ্গলের দিকে যাত্রা শুরু করে। কমলগঞ্জ থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান, যাওয়ার সময় স্কুলছাত্রী হঠাৎ চিৎকার করে উঠলে শ্রীমঙ্গলের রাধানগর গ্রামের পিচের মুখ এলাকার লোকজন প্রাইভেট কারটি আটক করে। তারা স্কুলছাত্রীকে উদ্ধার করে তিন জনকেই গণধোলাই দেয়। স্কুলছাত্রী অপহরণের ঘটনায় থানার সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভীড় জমে যায়। পরে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৪৮ ঘ.