চুয়াডাঙ্গা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে 'চরমপন্থী' ও একাধিক হত্যা মামলার আসামি মতিয়ার রহমান ওরফে মতি ম্যাড়াকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে সদরের ভালাইপুর বাজার থেকে তাকে আটক করা হয়। মতি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে গোয়েন্দা পুলিশ দাবি করেছে। মতির বাড়ি মেহেরপুরের সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে।
চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জিয়াউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মতিকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী দরবেশপুর গ্রামের একটি পানের বরজ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আলমডাঙ্গার রুইতনপুর গ্রামের শাহাদত ও কলাবাড়ি গ্রামের রুবেল হত্যাসহ চুয়াডাঙ্গায় মতির বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে। মেহেরপুরেও মতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ডিবি কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৪০ ঘ.
bdnews24