ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মুক্তিযুদ্ধের চেতনা, সাম্প্রদায়িক রাষ্ট্র না' শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত চতুর্থ জাতীয় সাংস্কৃতিক সম্মেলন শুরু হচ্ছে শুক্রবার।
বুধবার ঢাকা রির্পোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় শহীদ মিনারে তিনদিনব্যাপী (২১-২৩ অক্টোবর) এ সম্মেলনে সারাদেশে উদীচীর আড়াইশ শাখা থেকে প্রায় দেড় হাজার শিল্পী অংশ নেবে।
এবারের সাংস্কৃতিক সম্মেলন তিন জন বিশিষ্ট শিল্পী, সঙ্গীতজ্ঞ ও সংস্কৃতি কর্মীর প্রতি উৎসর্গ করা হবে। তারা হলেন অজিত রায়, ড. মৃদুলকান্তি চক্রবর্তী ও মুকুন্দলাল বসু।
জাতীয় সাংস্কৃতিক সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক জামসেদ আনোয়ার তপন জানান, জাতীয় সাংস্কৃতিক সম্মেলন হচ্ছে উদীচীর তৃণমূল পর্যায়ের শাখাসমূহের সাংস্কৃতিক পরিবেশনার জাতীয় ভিত্তিক আয়োজন।
তিনি বলেন, ২১ অক্টোবর বিকাল ৪টায় সম্মেলন উদ্বোধন করবেন রাজবাড়ীর পাংশায় সাম্প্রদায়িক অপশক্তির হাতে লাঞ্ছিত ও নির্যাতিত বাউল শিল্পীরা।
প্রতিদিন বিকাল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানমালায় থাকবে কাওয়ালী, জারীগান, ঢেঁকির গান, বয়াতিগান, নৌকাবাইচের গান, পুঁথিপাঠ, লোকগান ও নৃত্য, গম্ভীরা, ভাওয়াইয়া, বিয়ের গান, আদিবাসী গান ও নৃত্য ইত্যাদি। আরো থাকবে লালনের গান, নৃত্যনাট্য, পথনাটক, যাত্রাপালা, গীতিনাট্য, গণসঙ্গীত, পল্লীগীতি।
সম্মেলনের দ্বিতীয় দিন "আমাদের সংস্কৃতি ও সাংস্কৃতিক আন্দোলন: বর্তমান অবস্থা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। শেষ দিন সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিল্পী বিপুল ভট্টাচার্যকে "উদীচী পদক" প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ ও লোকশিল্পী সাইদুর রহমান বয়াতী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/আরএ/১৫২৪ ঘ.
bdnews24