২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের হামলা: সিলেটে ব্যবসায়ীদের ধর্মঘট

এক কর্মী খুনের জের ধরে সিলেট নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রলীগের হামলার প্রতিবাদে দুই ঘণ্টা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 08:20 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

সিলেট, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক কর্মী খুনের জের ধরে সিলেট নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রলীগের হামলার প্রতিবাদে দুই ঘণ্টা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা । বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত জিন্দাবাজার পয়েন্টে দোকানপাট বন্ধ করে অবস্থান ধর্মঘট করে ব্যবসায়ীরা। এসময় সেখানে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক লায়েস উদ্দিন, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক। মঙ্গলবার সন্ধ্যায় জিন্দাবাজারে দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে ছাত্রলীগ কর্মী আল মামুন (১৮) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ছাত্রলীগ এই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছে। কর্মী মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায় বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। এসময় শতাধিক গাড়ি ভাংচুর করা হয়। হামলা-ভাংচুরের প্রতিবাদে ব্যবসায়ীরা মঙ্গলবার রাতেও জিন্দাবাজার পয়েন্টে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পরে র‌্যাব-পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় তারা। ব্যবসায়ীরা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এজাজ আহমদ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আল মামুনের লাশের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। বাদ আসর নয়াসড়ক জামে মসজিদে নামাজের জানাযা শেষে মানিকপীর গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন নিহতের ভাই জয়নাল আবেদীন। আল মামুনকে খুনের প্রতিবাদে দুপুর ৩টায় নগরীর রেজিস্ট্রার মাঠ থেকে বিক্ষোভ মিছিল করবে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। এজাজ আহমদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নগরীর সবকটি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকরীদের গ্রেপ্তার ও খুনীদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪১৩ ঘ.