টাঙ্গাইল, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের সল্লায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়ানো জনতার ওপর উঠে গেলে ছয়জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
বুধবার ভোরে কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই সল্লা চরপাড়া গ্রামের বাসিন্দা।
এরা হলেন- শহর আলীর ছেলে বাবু (২৪), মৃত শুকুর আলীর ছেলে চান মিয়া (৪০), বানিজ প্রামাণিকের ছেলে তুলা মিয়া (৪০), মৃত আব্দুল খালেকের ছেলে মোস্তফা (৪৫) এবং আব্দুল হালিমের ছেলে আফসার (৩৮)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি ট্রাক ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে মহাসড়কের সল্লা এলাকায় পৌঁছে বিকল হয়ে যায়। চালক ও তার সহকারী ট্রাক থেকে নেমে মেরামতের চেষ্টা শুরু করলে স্থানীয় উৎসুক জনতা তা দেখতে সেখানে জড়ো হয়।
ওই সময় শ্যামলী পরিবহনের দিনাজপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেই দর্শনার্থীদের ওপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো একজন।
দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হন। তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/০৯৩৭ ঘ.
bdnews24