২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সওজ'র সাবেক প্রধানের 'দুর্নীতি'র তদন্ত চান আবুল হোসেন

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাবেক প্রধান প্রকৌশলী শাহাবউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তা খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছেন যোগাযোগমন্ত্রী আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সাবেক প্রধান প্রকৌশলী শাহাবউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তা খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছেন যোগাযোগমন্ত্রী আবুল হোসেন। দুদক কমিশনার মুহাম্মদ সাহাবুদ্দিন চুপপু মঙ্গলবার চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "চিঠিতে যোগাযোগমন্ত্রী শাহাবউদ্দিনের বিরুদ্ধে প্রায় ৪০ কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগ তদন্তের অনুরোধ করেছেন।" বেহাল সড়কের জন্য ব্যাপক সমালোচনার মুখে গত ১৮ অগাস্ট স্বেচ্ছায় অবসরে যান সওজ'র এই শীর্ষ কর্মকর্তা। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সত্য ও জবাবদিহিতা কমিশনে গিয়ে নিজের দোষ স্বীকার করে আর্থিক জরিমানা দিয়ে অনুকম্পা লাভ করেছিলেন শাবাহউদ্দিন। এরপরও একই ব্যক্তিকে সওজের প্রধান প্রকৌশলী করায় ব্যাপক সমালোচনা হয়েছিলো। সাহাবুদ্দিন চুপপু বলেন, "শাহাবউদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ হিসেবে কিছু তথ্য-উপাত্ত চিঠির সঙ্গে দেওয়া হয়েছে।" পদ্মা সেতু নির্মাণে যোগাযোগ মন্ত্রণালয়ের 'দুর্নীতি'র বিষয়ে বিশ্বব্যাংকের অভিযোগও খতিয়ে দেখছে দুদক। সোমবার ওই অভিযোগ তদন্তে কর্মকর্তা নিয়োগ দিয়ে ৩০ দিনের মধ্যে তাকে কাজ শেষ করতে বলা হয়েছে। ইতোমধ্যে এ সেতু নির্মাণে ১২০ কোটি ডলার ঋণ স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এমআই/১৯৪০ ঘ.