বরগুনা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) টমেটোতে ক্ষতিকারক ইথিফন মেশানোর অভিযোগ করেছে স্থানীয়ারা।
মঙ্গলবার বিএডিসি বরগুনা কার্যালয়ে গিয়ে সাংবাদিকরা ইথিফন দেখতে পান।
তবে বিএডিসি কর্মকর্তাদের দাবি, কেউ তাদের ফাঁসানের জন্য ইতিফন সমৃদ্ধ প্রোলংয়ের বোতলটি ওখানে রেখেছে। তারা টমেটোতে এই রাসায়নিক মেশান না।
স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে বরগুনায় সাফল্যের সঙ্গে গ্রীষ্মকালীন টমেটো চাষ করে আসছে বিএডিসি। বারি হাইব্রিড-৪ প্রজাতির এই টমেটো বাজারে বিক্রি করা হয়।
বিএডিসির বরগুনা কার্যালয়ের মালী আবুল কালাম সাংবাদিকদের বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতবছর তিনি নিজে এখানকার টমেটোতে 'প্রোলং' নামের একটি তরল মিশিয়েছেন।
এছাড়া এবছর একই অফিসের নাইটগার্ড আবদুল লতিফ ও ইলিয়াসকে দিয়ে ক্ষেত থেকে তোলা টমেটোতে এসব ওষুধ মেশানো হচ্ছে বলে তিনি জানান।
সাংবাদিকদের সঙ্গে বিএডিসি বরগুনা কার্যালয়ে যান স্থানীয় পরিবহন ব্যবসায়ী মো. মনির হোসেন।
তিনি বলেন, এর আগেও তিনি বিএডিসি'র টমেটোতে ক্ষতিকারক ওষুধ মেশানো কথা শুনেছেন। এবার নিজ চোখে দেখে তার প্রমাণ পেলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কার্যালয়ের এক কৃষিবিদ বলেছেন, প্রোলংয়ে ৪০ শতাংশ ইথিফন রয়েছে। ইথিফন অধিক ফলনের জন্য শুধু ফলের গুটি অবস্থায় ব্যবহারের অনুমতি রয়েছে।
ফল তোলার পর কোনো অবস্থাতেই তাতে ব্যবহার করা যাবে না।
এদিকে টমেটোতে ইথিফন বা প্রোলং ব্যবহারের কথা অস্বীকার করে বিএডিসির বরগুনার উপ-পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, স্থানীয় একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে তার অফিসে এসব রেখে হীন চক্রান্ত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১০ ঘ.
bdnews24