ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন মালয়েশিয়া সরকারের বিশেষ দূত সাবেক মন্ত্রী দাতো সেরি এস স্যামি ভেলু।
মঙ্গলবার সকালে সচিবালয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান।
যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আলোচনা শেষে আবুল হোসেন সাংবাদিকদের বলেন, দ্বিতীয় ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, বাস র্যাপিড ট্রানজিট, রোকেয়া সরণি এবং কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে প্রস্তাবিত টানেল এবং জাতীয় গুরুত্বপূর্ণ মহাসড়কে অর্থায়নে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে মালয়েশিয়ার যোগাযোগ ব্যবস্থার মতো বাংলাদেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থা নির্মাণে অংশ নিতে আগ্রহ প্রকাশ করে দাতো সেরি। তিনি বলেন, ঢাকা শহরে মনোরেল প্রকল্পে বিনিয়োগ করবে মালেয়শিয়া।
বৈঠকে দাতো সেরি এস স্যামি ভেলুর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
দাতো সেরি আরো জানান, কামরাঙ্গীচরে একটি স্যাটেলাইট সিটি তৈরিতে তার সরকারের বিনিয়োগ পরিকল্পনা রয়েছে। এ ছাড়া উত্তরায় একটি হাউজিং প্রকল্পের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং মালয়েশিয়া হাইকমিশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) হবে।
এ সময় যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান, রেলপথ বিভাগের সচিব ফজলে কবিরসহ যোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকম/এসএইচএ/এএল/১৭২৯ ঘ.
bdnews24