সিলেট, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজরত শাহজালাল (রহ.) এর ৬৯২তম ওরস সোমবার মধ্যরাত থেকে শুরু হয়েছে। ওরস নির্বিঘœ করতে মাজার এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
দু'দিনব্যাপী ওরস উপলক্ষে দরগাহ শরীফ সেজেছে উৎসবের সাজে। ওরস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে দরগাহ প্রাঙ্গণে জড়ো হয়েছে ভক্তরা। বুধবার ভোর রাতে মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে।
পুণ্যার্থীদের কাছে দরগাহ শরিফকে আকর্ষণীয় করে তুলতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মাজার কর্তৃপক্ষ। ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে পুরো দরগাহ শরিফ।
ওরসে প্রতিবারের মতো এবারো লাখো ভক্ত-অনুরাগীর সমাগম ঘটবে বলে আশা করছেন দরগাহ কর্তৃপক্ষ। র্যাব-পুলিশের বিশেষ কয়েকটি দল দরগাহ এলাকার নিরাপত্তায় কাজ করবেন।
কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাজার এলাকায় দুটি পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। এছাড়া সাদা পোশাকে দায়িত্ব পালন করবে র্যাব-পুলিশ।
মাজার শরিফের মোতওয়াল্লি ইউসুফ আমান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাজার কর্তৃপক্ষের উদ্যোগে মাজার প্রাঙ্গণে বসানো হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল ১১টা থেকে রাত পর্যন্ত মাজারে আসা ভক্ত-অনুরাগীরা সেখানে চিকিৎসা নিতে পারবেন।
তিনি জানান, বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরস শেষ হবে। মোনাজাতের পরপরই ভক্তদের মধ্যে খাবার বিতরণ হবে।
প্রতিবছরের মতো এবারো ১৯ ও ২০ জিলক্বদ ওরস অনুষ্ঠিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৪৫২ ঘ.
bdnews24