নরসিংদী, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় জমি সংক্রান্ত মামলার বাদী এক মহিলাকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।
ভগিরতপুর গ্রামে রোববার রাতে এ হামলায় নিহত হন ওই এলাকার চন্দ্রবান বেগম (৪০)।
এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের মধ্যে পুলিশ চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, জমি নিয়ে চন্দ্রবান বেগমের সঙ্গে গ্রামের আলী আহম্মদের দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি মামলা চলে আসছিল।
চন্দ্রবানের দায়ের করা একটি মামলায় সম্প্রতি আলী আহম্মদসহ ছয়জন গ্রেপ্তার হয়। রোববার বিকালে তারা জামিনে ছাড়া পায়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, কারাগার থেকে বের হয়ে আলী আহম্মদের নেতৃত্বে অপর আসামিরা সন্ধ্যায় চন্দ্রবানকে বাড়ির পাশে হাত-পা বেঁধে পায়ের রগ কেটে ফেলে এবং পিটিয়ে মেরুদ- ও একটি হাত ভেঙে দেয়।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা নেওয়ার পথে রাত ১১টার দিকে চন্দ্রবানের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্বামী মোহাম্মদ আলী ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এরমধ্যে প্রধান আসামি আলী আহম্মদ (৫০), সালেহ আহমেদ (৩৫), হাসিনা বেগম (৫০) ও আছমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮২২ ঘ.
bdnews24