ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি এমপিওভুক্ত এবং রেজিস্টার্ড স্কুলের শিক্ষকদের কোচিংয়ে ক্লাস নেওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।
আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, সংসদ সচিব, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ানম্যানসহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ২০ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলুর করা একটি রিট আবেদনে সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেয়।
রিট আবেদনের শুনানিতে আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আবেদনকারী জিয়াউল কবির সাংবাদিকদের বলেন, স্কুলের শিক্ষকরা স্কুলের বাইরে কোচিংয়ে ক্লাস করিয়ে বাড়তি টাকা পান বলে স্কুলগুলোতে ঠিকমতো ক্লাস নেন না। কিন্তু সরকার যেহেতু তাদের বেতন দেন, স্কুলে ঠিকমতো ক্লাস নেওয়া তাদের দায়িত্ব।
তাই শিক্ষকদের কোচিংয়ে ক্লাস নেওয়ার বন্ধ করার লক্ষ্যে এ আবেদন করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/এমআই/১৫৪১ ঘ.
bdnews24