২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রতিবন্ধীদের সম্পদ সুরক্ষায় আইন হবে দ্রুত'

প্রতিবন্ধীদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত করতে অতিদ্রুত আইন করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধীদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত করতে অতিদ্রুত আইন করবে সরকার। রোববার জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউণ্ডেশন আয়োজিত অটিজম বিষয়ক গবেষণামূলক সেমিনারে এ কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের ব্যাপারে অত্যান্ত সজাগ রয়েছেন। এ সরকার ক্ষমতায় আসার পর তাদের উন্নয়নে যুগোপযোগী অনেক সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নও করা হয়েছে।" বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধীদের চাকরির কোটা সংরক্ষিত করতে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে বলে জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, "প্রতিবন্ধী অনেকের বাবা-মা মারা যাওয়ার পর তাদের সম্পত্তি বেহাত হয়ে যায়। এ ব্যাপারে সরকার সজাগ রয়েছে এবং আইন প্রণয়নের মাধ্যমে সম্পত্তি সুরক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে।" ব্যাংক, বীমা আইটি বিভাগগুলোতে প্রতিবন্ধীদের ১০ ভাগ কোটা রাখার ব্যাপারে সুনিদিষ্ট নির্দেশনা আছে জানিয়ে তিনি বলেন, "অন্যান্য জায়গায় চাকরির ক্ষেত্রে বিশেষ কোটার ব্যবস্থা রয়েছে।" ফাউণ্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবীর সেমিনারে সভাপতিত্ব করেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অটিজম রিসোর্স সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম। সেমিনার শুরুর আগে মন্ত্রী জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউণ্ডেশন চত্বরে স্থাপিত বিশেষ শিক্ষা কেন্দ্রের 'অটিজম স্কুল' উদ্বোধন করেন। ১১ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া এই স্কুল রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। মন্ত্রী বলেন, "প্রতিটি বিভাগীয় শহর এবং পরে জেলা থেকে উপজেলায় পর্যায়ে ক্রমে 'অটিজম স্কুল' করার পরিকল্পনা রয়েছে সরকারের।" প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে ঢাকা সেনানিবাসের এমন একটি প্রতিষ্ঠান 'প্রয়াস'কে নিয়ে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান সমাজকল্যাণমন্ত্রী। ৫২ কোটি টাকার এই প্রকল্পে প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য শিক্ষক গড়ে তোলা, প্রকৃত প্রতিবন্ধীদের তালিকা তৈরি করা, প্রতিবন্ধী এবং তাদের পরিবারকে যারা নানাভাবে তিরস্কার করে তাদের চিহ্নিত করা এই প্রকল্পের অন্যতম লক্ষ্য বলে জানান মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২২৪ ঘ.