সিরাজগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড্রেজিং মেশিন দেখতে গিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীতে নিখোঁজ হওয়ার ৩ দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে জেলেরা।
রোববার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বেলুটিয়ার চরের কাছে নদী থেকে স্থানীয় জেলেরা হৃদয় নামের ১০ বছরের ছেলেটির লাশ উদ্ধার করে।
হৃদয়ের বাবা কাজিপুর উপজেলার শুভগাছা গ্রামের আলম ভূঁইয়া জানান, গত শুক্রবার বিকেলে হৃদয় তার কয়েকজন বন্ধুসহ পাশের বাহুকা গ্রামের কাছে নদীতে ড্রেজিং মেশিন দেখতে যায়। এক পর্যায়ে সে ড্রেজিং মেশিনের ওপর থেকে পানিতে পড়ে নিখোঁজ হয়।
রোববার সকালে নদীর প্রায় ১০ কিলোমিটার ভাটিতে সদর উপজেলার বেলুটিয়া চরের কাছে হৃদয়ের লাশ ভেসে ওঠে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৯০৫ ঘ.
bdnews24