চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চান্দগাঁও থানার এক উপ-পরিদর্শকের বিরুদ্ধে ঘুষ নেওয়া এবং অর্থ ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ করেছেন এক ব্যবসায়ী।
রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ অভিযোগ করেন নগরীর পূর্ব ষোলশহর এলাকার ব্যবসায়ী ওসমান গণি মানিক।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিচারক এ অভিযোগ মামলা হিসেবে গ্রহণের জন্য আগামী ২৫ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করেছেন।"
অভিযুক্ত এসআই আবুল কালাম আজাদ চান্দগাঁও থানায় কর্মরত।
ওসমান দুর্নীতি দমন আইন ১৯৪৭ এর ৫(১)(ক) এবং দণ্ডবিধির ১৬১ ধারায় এ অভিযোগ করেন।
এর আগে একই আদালতে আরেক ব্যবসায়ী ডবলমুরিং থানার ওসিসহ চারজনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে মামলা দায়ের করেন।
ওসমান গণি তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতন, ছেড়ে দেওয়ার নাম করে ২০ হাজার টাকা ঘুষ নেওয়া এবং তার সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ও একটি ফোন সেট ছিনিয়ে নেয়ার অভিযোগ এনেছেন।
অভিযোগে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর এসআই আবুল কালামকে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ের কাশবন রেষ্টুরেন্টে ব্যবসায়ী ওসমান গণিকে ডেকে নিয়ে গিয়ে একটি মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ সময় বাদির পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা এবং একটি মোবাইলে সেট ছিনিয়ে নেওয়া এবং থানায় নিয়ে মামলা নিষ্পত্তি করে দেওয়ার জন্য নগদ ২০ হাজার টাকা ঘুষ নেয় বাদির বড় ভাইয়ের কাছ থেকে।
এছাড়া থানায় নিয়ে গিয়ে বিবাদী ওসমান গণিকে রড দিয়ে মারধর করার অভিযোগও করেন।
গত ২ অক্টোবর ওসমান জামিন পেয়ে থানায় গিয়ে টাকা ও মোবাইল ফোন সেট ফেরত চাইলে এসআই আজাদ তাকে মারধর এবং নানা ধরনের নির্যাতনের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮২৫ ঘ.
bdnews24