২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ২৫ লাখ টাকা ছিনতাই

রাজধানীতে একই দিনে দুই ব্যক্তির কাছ থেকে ২১ লাখ টাকা ছিনতাইয়ের এক সপ্তাহের মধ্যে এবার ধোলাইপাড় এলাকায় গুলি করে ও কুপিয়ে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 11:11 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে একই দিনে দুই ব্যক্তির কাছ থেকে ২১ লাখ টাকা ছিনতাইয়ের এক সপ্তাহের মধ্যে এবার ধোলাইপাড় এলাকায় গুলি করে ও কুপিয়ে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার সকাল ১১টার দিকে শ্যামপুরের ৯৮ ধোলাইপাড় ঠিকানায় রমিজউদ্দিন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মোবাইল কোম্পানি বাংলালিংকের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান এনটিসি ডিস্টিবিউশনের কর্মী ওয়াহিদুল ইসলাম (৩৮) ও হিসাব রক্ষক মোহাম্মদ দিদার (২৬)। প্রতিষ্ঠানের সিলগালা প্যাকেটে থাকা টাকা জমা দিতে তারা ওয়ান ব্যাংকের যাত্রাবাড়ী শাখায় যাচ্ছিলেন। এনটিসি ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানের গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে তিনটি মটরসাইকেলে করে ছয়-সাতজন এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ওয়াহিদুলের বুকে ও ডান হাতে গুলি লাগে। একই সময় হিসাবরক্ষক দিদারের ডান হাতে চাপাতি দিয়ে আঘাত করে তারা। দুপুর ১২টার দিকে দিদার ও ওয়াহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। শ্যামপুর থানার ওসি মিয়া কুতুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "ঘটনার সঙ্গে জড়িতদের ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত হতে পেরেছি। শিগগির তাদের গ্রেপ্তার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/এএল/১৭০৪ ঘ.