ঝিনাইদহ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৭টার দিকে উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃত দুই শিশু হলো দামুকদিয়া গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে তুহীন এবং সূর্য শেখের ছেলে আশিকুর রহমান নিশান। এদের মধ্যে তুহীন দামুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এবং নিশান প্রথম শ্রেণীর ছাত্র।
ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম মোল্লা জানান, তপু বিশ্বাস নামের এক মুরগি খামারি বনবিড়ালের আক্রমণ ঠেকাতে বেআইনীভাবে খামারের চারপাশের বিভিন্ন গাছের সঙ্গে জিআই তার ঝুলিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। তুহিন ও নিশান খামারের পাশে কদবেল কুড়াতে গিয়ে ওই বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।
তাদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে হালিম জানান।
এ ঘটনায় নিশানের বাবা সূর্য শেখ বাদী হয়ে শৈলকূপা থানায় খামার মালিক তপু বিশ্বাস এবং তার স্ত্রী বেবী খাতুনকে আসামি করে একটি মামলা করেছেন।
শৈলকূপা থানার ওসি আহসান হাবীব জানান, পুলিশ বেবী খাতুনকে গ্রেপ্তার করেছে।
ঝিনাইদহ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার শঙ্কর কুমার কর বলেন, "খোলা তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে ঝুলিয়ে রাখা সম্পূর্ণ বেআইনী। এতে কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে তার দায়িত্ব ওই ব্যক্তির উপর বর্তায়। আমরা তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৪৫৭ ঘ.
bdnews24