২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরে একশ সহকারী জজ নিয়োগ চূড়ান্ত: কামরুল

আইন প্রতিমন্ত্রী বলেছেন, সহকারী জজ পদে সরকার ইতিমধ্যে দুশর বেশি নিয়োগ দিয়েছে এবং আরো একশ জনের নিয়োগ চূড়ান্ত পর্যায়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী বলেছেন, সহকারী জজ পদে সরকার ইতিমধ্যে দুশর বেশি নিয়োগ দিয়েছে এবং আরো একশ জনের নিয়োগ চূড়ান্ত পর্যায়ে। বিচার ব্যবস্থা উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরতে গিয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিনব্যাপী একটি কর্মশালার সমাপনী অধিবেশনে শনিবার তিনি বলেন, "দেশের কোথাও মুখ্য বিচারিক হাকিম ভবন ছিলো না। বর্তমান সরকারের নিজস্ব অর্থায়নে ৮৭০ কোটি টাকা ব্যয়ে ৩৪টি জেলায় এই ভবন স্থাপন করছি। ১২ তলা এই ভবন হলে স্থান সংকটের অভাব দূর হবে। আইন মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সব কাজ করছে।" প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি পরিবর্তন আনতে চাইছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "এটা কথার কথা নয়, কাজেও পরিবর্তন আনতে চাইছি। এ জন্য আইনজীবী বিচারক সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।" "দেশের বিভিন্ন আদালতে প্রায় ১৯ লাখ মামলা বিচারাধীন আছে। এ কারণে দ্রুত সময়ে কোনো মামলা আমরা নিষ্পত্তি করতে পারছি না।" ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশ হিসেবেআদালতের কার্যক্রমকে কম্পিউটারের আওতায় আনা হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, "কুমিল্লা ও চট্টগ্রাম জেলা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দৈনন্দিন কার্যতালিকা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। আরো ৫টি জেলার এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব জেলায় এটা করা হবে।" 'অন দ্য পাথ টুয়ার্ডস এ বেটার জাস্টিস সিস্টেম' শিরোনামের এ কর্মশালায় অংশগ্রহণকারী ছিলেন তিন শতাধিক। উচ্চ আদালতের বিচারপতি, অধস্তন আদালতের বিচারক, সুপ্রিম কোর্ট ও জেলা আইনজীবী সমিতির সদস্য, আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রতিনিধি, জেলা পর্যায়ের সরকারি আইন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ এবং সুশীল সমাজসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৭৫৬ ঘ.