চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য বিমোচনের লক্ষে উদ্যোক্তা সহায়ক ও বিনিয়োগবান্ধব নতুন কোম্পানি আইন প্রণয়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রামের ব্যবসায়ীরা।
চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এণ্ড ইন্ডাস্ট্রি সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম শনিবার এক সভায় বলেন, "বর্তমান বিশ্বায়নের যুগে দেশের ব্যবসায়ী সমাজকে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বিদ্যমান কোম্পানি আইনটির সংযোজন-বিয়োজন প্রয়োজন।"
নতুন কোম্পানি আইনের খসড়ায় বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করা ও ব্যবসা পরিচালনা ব্যয় কমানোসহ বিভিন্ন বিষয় সন্নিবেশিত করার অনুরোধ জানান চেম্বার সভাপতি।
দুপুরে নগরীর একটি হোটেলে 'ড্রাফটিং এ নিউ কোম্পানিজ অ্যাক্ট ফর বাংলাদেশ' শিরোনামের এ সভা হয়।
চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এণ্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফাণ্ডের যৌথ আয়োজনে এ সভা হয়।
ব্যারিস্টার তানজিব-উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম বলেন, "সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করতে হলে বর্তমান কোম্পানি আইনটি হালনাগাদ করা প্রয়োজন।"
চেম্বারের আরেক সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হলে সংশ্লিষ্ট সবার মত নিয়ে নতুন কোম্পানি আইন প্রণয়ন করতে হবে।
ব্যরিস্টার তানজিব কোম্পানি আইনের খসড়ায় ২২টি সুপারিশ অর্ন্তভুক্ত করার দাবি জানান।
এর মধ্যে রয়েছে- অবজেক্ট ক্লজ বাতিল করা, ছোট বেসরকারি কোম্পানির জন্য এজিএম রহিত করা, শেয়ার ক্যাপিটাল হ্রাস করার ক্ষেত্রে কোর্টের সম্মতি বাতিল করা ও মাইনরিটি শেয়ার হোল্ডারদের অধিকার সংরক্ষণ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- কানাডীয় কোম্পানি আইন বিশেষজ্ঞ রিচার্ড জি শ, চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আহমেদ, চেম্বার পরিচালক ক্যাপ্টেন শফি চৌধুরী, সাংবাদিক এম নাসিরুল হক, কোম্পানি আইন বিশেষজ্ঞ এস সি লালা প্রমুখ।
সভা আয়োজন করা হয় আইএফসি, ইউকে এইড ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২০২৫ ঘ.
bdnews24