ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজিমপুরের একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড, না আত্মহত্যা- তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ওই শিক্ষার্থীর নাম প্রণব দাশ বাবলু। পদার্থ বিজ্ঞান বিভাগের এ ছাত্র সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ করতেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। তিনি এক সময় জগন্নাথ হলে থাকতেন।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে শেখ সাহেব বাজার এলাকার শেফালি গার্ডেন নামে বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বাবলুর লাশ পাওয়া যায় বলে পুলিশ জানায়। তিনি ওই বাড়িতেই থাকতেন।
লালবাগ থানার উপপরিদর্শক পরিতোষ ঘোষ সাংবাদিকদের বলেন, লাশটি ঘরের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
ঝুলন্ত অবস্থায় থাকলেও তার দেহ মেঝেতে স্পর্শ করছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
পুলিশ কর্মকর্তা পরিতোষ বলেন, এটি আত্মহত্যা, না হত্যা- তা ময়না তদন্তের আগে বলা সম্ভবপর নয়।
ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাবলুর বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার লাকসাম বাইপাস সড়কের কাছে। তার বাবার নাম সারদা কুমার দাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৪ ঘ.
bdnews24