ঝিনাইদহ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামে শুক্রবার রাতে বিয়েবাড়ির খাবার খেয়ে অন্তত অর্ধশত বরযাত্রী অসুস্থ হয়েছে।
এদের মধ্যে গুরুতর পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং অন্তত ২৫ জনকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা পৌরসভা মেয়র কাজী আশরাফুল আযম জানান, শুক্রবার রাতে হাবিবপুর গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলের সঙ্গে মালিপাড়া গ্রামের মজনু শেখের মেয়ের বিয়ে হয়। বিয়েতে যাওয়া ৬০ জন বরযাত্রী খাবার খেয়ে রাতেই বাড়ি ফেরেন।
শনিবার ভোর থেকে তারা একে একে অসুস্থ হতে থাকেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. বাবর আলী জানান, অসুস্থরা বমি ও পাতলা পায়খানা করতে থাকেন। জ্বরও আছে। খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৬ ঘ.
bdnews24