ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে মোহাম্মদপুরের পর এবার কদমতলীতে জাল টাকা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে এক জনকে।
শনিবার বিকাল কদমতলীর ৮৯ হাজী রজ্জব আলী সর্দার রোডের একটি বাড়ির চতুর্থ তলা থেকে মো. জাহাঙ্গীর (৩৪) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ওই ফ্ল্যাটে নকল টাকা বানানো হচ্ছিলো বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. গোলাম আজাদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাহাঙ্গীর অত্যন্ত দক্ষ। সে নিজেই নকল টাকা তৈরির সব ধরনের কাজ করতো।
সেখানে ঘণ্টায় প্রায় ২ লাখ নকল টাকা তৈরি করা যেত।"
ওই বাসা থেকে ১৫ লাখ টাকার বেশি জাল নোট উদ্ধার করা হয় বলে জানান তিনি।
জাহাঙ্গীর পুলিশ জানিয়েছে, দেড় মাস ধরে তিনি এ কাজ করে আসছিলেন।
একদিন আগেই শুক্রবার মোহাম্মদপুরের 'কাদেরিয়া হাউজিং সোসাইটির' একটি বাসায় জাল নোট তৈরির আরেকটি কারখানার সন্ধান মেলে। সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24