ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তালুকদার মুনীরুজ্জামান ও লক্ষ্মীপুরে নিহত বিএনপি নেতা অ্যাডভোকেট নূরুল ইসলামকে সম্মাননা দিয়েছে দৈনিক আমার দেশ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক প্রীতি সমাবেশে সম্মাননাপত্র ও পদক তুলে দেওয়া হয়।
অধ্যাপক মুনীরুজ্জামানের হাতে সম্মাননা পদক তুলে দেন প্রবীণ আইনজীবী রফিক-উল হক। আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের হাত থেকে পদক নেন নূরুল ইসলামের স্ত্রী রাশিদা ইসলাম।
আমার দেশ'র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য 'মানবাধিকার'।
প্রীতি সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানবাধিকার রক্ষার সংগ্রামে আমার দেশ'র প্রশংসা করেন।
তিনি বলেন, "আজ দেশের মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। গণতন্ত্র সঙ্কটাপন্ন। দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। এজন্য আমার দেশের অবদান দেশ চিরদিন স্মরণে রাখবে।"
২০১০ সালে আদালত অবমাননার জন্য আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর এবং প্রতিবেদক অলিউল্লাহ নোমানকে কারাদণ্ড দেওয়ার ঘটনাটি স্মরণ করে ব্যারিস্টার রফিক বলেন, "এটা আমার জন্য লজ্জার বিষয়। তৎকালীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই রায় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছেন। আশা করি আজ তারা বুঝতে পারবেন।"
অনুষ্ঠানে ভাষাসৈনিক আবদুল মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাংবাদিক আতাউস সামাদ, শফিক রেহমান অংশ নেন।
এছাড়াও অনুষ্ঠানে ছিলেন- বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, জয়নুল আবদিন ফারুক, খেলাফত মজলিশের চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম, এলডিপি নেতা সাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপ এর চেয়ারম্যান জেবেল রহমান গানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, রাজিয়া আখতার বানু, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৪০ ঘ.
bdnews24