২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক নম্বর রোডের এক নম্বর বাসায় দুই নম্বর কাজ

রাজধানীর শংকর কাদেরিয়া হাউজিং সোসাইটির একটি বাসায় নকল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 10:20 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শংকর কাদেরিয়া হাউজিং সোসাইটির একটি বাসায় নকল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকালে ওই বাসায় অভিযান চালিয়ে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- আবুল খায়ের (৪০) ও হুমায়ন কবির (৩৫)। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মসিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শংকর এক নম্বর গলির এক নম্বর বাসার চতুর্থ তলার ফ্ল্যাটটিতে এ চক্রটি নতুন পাঁচশ ও এক হাজার টাকা নোট তৈরি করছিলো। সোর্সের মাধ্যমে খবর পেয়ে বিকাল সাড়ে ৩টার দিকে সেখানে অভিযান চালানো হয়। ফ্ল্যাটটি তারা কিস্তিতে কিনেছে বলে জানিয়েছে। অবশ্য কি পরিমাণ নকল টাকা উদ্ধার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা মসিউর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৬১৮ ঘ.