ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে একটি ওষুধের দোকান উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে 'ইউনিভার্সিটি মেডিকেল কর্নার' নামে ওই ফার্মেসিটি উচ্ছাদ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ফার্মেসির মালিক শহিদুল ইসলাম লিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৮৭ সাল থেকে বর্তমান পর্যন্ত প্রতিমাসে ৩ হাজার টাকা ভাড়া দিয়ে এখানে ব্যবসা করছি।
অতীতে ছাত্রদল করায় দোকানটি উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অবশ্য লিটুর অভিযোগ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ হোসেন বলেছেন, তার অভিযোগ সঠিক নয়। জায়গাটি বিশ্ববিদ্যালয়ের। কর্তৃপক্ষ তাদের প্রয়োজনে যেকোন সময় লিজ বাতিল করতে পারে।"
সেখানে নতুন একটি ভবন নির্মাণের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে তাকে ফার্মেসিটি সরিয়ে নেওয়ার নোটিস দিয়েছিলো। কিন্তু দোকানের মালিক হাইকোর্টে রিট করায় এতোদিন উচ্ছেদ করা যায়নি। বৃহস্পতিবার আদালত বিশ্ববিদ্যালয়ের পক্ষে রায় দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৫৫৪ ঘ.
bdnews24