গাজীপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে একটি পিকনিক স্পটে পুকুরে ডুবে এক নবদম্পতিসহ তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের এক জন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ-উল আলম লেনিনের জামাতা।
শুক্রবার সকালে বাংলাবাজারের গজারিয়াপাড়া এলাকায় শিরুনি কটেজের পুকুরে তারা ডুবে যান বলে জানিয়েছে পুলিশ। তারা সবাই সেখানে বেড়াতে গিয়েছিলেন।
নিহতরা হলেন- আসমা আক্তার ইরা (২৪), তার স্বামী জামিল আক্তার লিপু (৩৩) এবং জামিলের বন্ধু তানভীর জাহিদ নয়ন (৩২)।
তানভীর আওয়ামী লীগ নেতা লেনিনের বড় মেয়ের স্বামী। ইরা ঢাকার পশ্চিম কাজীপাড়ার বাসিন্দা ইসরাইল মিয়ার মেয়ে। লিপু একই এলাকার ইউসুফ আলীর ছেলে।
গাজীপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সৈয়দ আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে শিরুনি কটেজে বেড়াতে আসেন দুই নবদম্পতি।
"লিপু ও ইরা কটেজের জলাশয়ে গোসল করতে নেমে তলিয়ে যেতে থাকলে পাড়ে থাকা নয়ন তাদের বাঁচাতে গিয়ে নিজেও ডুবে যান," বলেন আজহার।
পরে এলাকাবাসী তিন জনের লাশ উদ্ধার করে। লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আজহারুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/কিউএইচ/এমআই/১৩৪১ ঘ.
bdnews24