সিরাজগঞ্জ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কামারখন্দে মসজিদে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অর্থকড়ি খুইয়েছেন তাবলিগ জামায়াতের এক দল মুসল্লি।
কামারখন্দ উপজেলা সদরের ফাজিল মাদ্রাসা সংলগ্ন মসজিদে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মুসল্লিরা চট্টগ্রামের সন্দ্বীপ এলাকা থেকে চার দিন আগে এসেছিলেন কামারখন্দে। তারা ওই মসজিদে উঠেছিলেন।
তাবলিগ জামায়াতের স্থানীয় আমির রহিম উল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত রাতে খাবার খেয়ে মুসুল্লিরা সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজ পড়ার জন্য কয়েকজন উঠলেও বাকিদের অচেতন অবস্থায় পাওয়া যায়।"
ভোরে খুঁজে মুসল্লিদের নগদ টাকা ও মোবাইল ফোন পাওয়া যায়নি বলে রহিম জানান।
অচেতন মুসল্লিদের মধ্যে ছয় জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে শুশ্রƒষা করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসায় সেরে ওঠেন।
এ বিষয়ে কামারখন্দ থানার উপপরিদর্শক মমতাজ উদ্দিন বলেন, "নেশাজাতীয় কোনো দ্রব্য খাবারে মিশিয়ে দেওয়া হয়েছিলো বলে মনে হচ্ছে। তবে চিকিৎসার পর আক্রান্তরা সবাই সুস্থ হয়েছেন।"
এ ঘটনায় কারা জড়িত তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। মুসল্লিদের পক্ষ আগ্রহ না থাকায় মামলা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা মমতাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৩ ঘ.
bdnews24