ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার রদবদলের আদেশ জারি করে।
এমন এক সময়ে সেতু বিভাগের সচিবকে বদলি করা হলো যখন দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক দেশের সবচে বড় নির্মাণ প্রকল্প পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করে দিয়েছে। ২৯০ কোটি ডলারের এ প্রকল্পের মধ্যে ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছিল বিশ্বব্যাংক।
অবশ্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দাবি করেছেন, এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি।
এদিন তিন অতিরিক্ত সচিবসহ প্রশাসনের আরো কয়েকটি পদে রদবদলের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পদে প্রেষণে থাকা অতিরিক্ত সচিব মাহফুজুর রহমানকে জাতীয় সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিককে বিসিএস প্রশাসন একাডেমীর মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহাব্যবস্থাপক (জিএম) পদে প্রেষণে কর্মরত উপসচিব সফিকুল ইসলামকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত শেরপুরের প্রাক্তন অতিরিক্ত জেলা প্রশাসন নিরঞ্জণ দেবনাথকে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা পরিষদের সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এ ছাড়া ২০০৮ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া আটজন কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে।
তারা হলেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মুহাম্মদ শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস, নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মুহাম্মদ ওবায়দুর রহমান, বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল মালেক, মোহাম্মদ সাইদুর রহমান ও নাছরিন আক্তার, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তানবীর মোহাম্মদ আজিম, কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ইকবাল আখতার ও নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০৫১ ঘ.
bdnews24