২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে আ.লীগের দুই গ্র"পে সংঘর্ষ, ৫ জন গুলিবিদ্ধ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরে আওয়ামী লীগের দুই গ্র"পের কয়েক দফা সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় সাতটি দোকান ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

শরীয়তপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরে আওয়ামী লীগের দুই গ্র"পের কয়েক দফা সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় সাতটি দোকান ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পালং থানার ওসি রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তোতা মাঝি ও কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন অপুর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। বুধবার রাত ও বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষে আহতদের আহতদের শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ নিজাম বেপারী, জুলহাস বেপারী, আলমগীর বেপারী, বাসার তলুকদার ও জাকির হোসেনের অবস্থা গুরুতর। তোতা মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত সাড়ে ১১টার ইকবাল হোসেন অপুর অনুসারীরা তার বাড়িতে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। "৫০ থেকে ৬০ জন সন্ত্রসী আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাসায় হামলা চালায়। তারা ইট-পাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করলে আমার লাইসেন্স করা বন্দুক দিয়ে আমি ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ি।" অবশ্য ইকবাল হোসেন অপু ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন। রাতের ওই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করেন তোতামাঝিসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের জেলা শাখার কয়েকজন নেতা। দুপুর ২টার দিকে তোতা মাঝির অনুসরারীরা শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল খানের ওপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় গ্র"পের সদস্যরা প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ ব্যাপারে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। সমঝোতার জন্য শিগগিরই উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসবো।" এদিকে সংঘর্ষের প্রতিবাদে বৃহস্পতিবার শহরে মানববন্ধন করেছে জেলা বণিক সমিতি। এ ছাড়া বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত শহরের সব দোকানপাট বন্ধ রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২২১৪ ঘ.