২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে স্কুলছাত্রী অপহরণ

নাটোরে দিনদুপুরে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

নাটোর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে দিনদুপুরে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের বঙ্গজল মহল্লায় বনলতা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রীকে অপহরণ করা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। ওই ছাত্রী পরীক্ষা দিয়ে দাদার সঙ্গে বাড়ি ফিরছিলো। স্থানীয়রা জানায়, দুপুর সোয়া ১টার দিকে রানা ও কান্ত নামের দুই যুবক মেয়েটির দাদাকে ধরে রাখে। আর আরিফ নামের অন্য এক যুবক মেয়েটিকে জোর করে মটর সাইকেলে তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, "তিন যুবক মেয়েটিকে আকস্মিকভাবে তুলে নিয়ে পালায়। মেয়েটির সঙ্গে থাকা ব্যক্তি চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। তবে তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।" ছাত্রীর বাবা সাংবাদিকদের বলেন, ওই যুবকরা দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলো। তবে 'মান সন্মান' হারানোর ভয়ে তিনি পুলিশকে জানাননি। নাটোর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, "অপহরণের খবর শুনে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। শুনেছি আরিফ নামের ছেলেটি ওই মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে চায়।" ছাত্রীটিকে উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারের পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৫ ঘ.