চাঁদপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাবুরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. সাহিদুল ইসলাম (২০) সদর উপজেলার রঘুনাথপুর দারুল উলুম মাদ্রাসার কওমীর ছাত্র। তিনি মতলব দক্ষিণ উপজেলার বহরি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
সাহিদুলের চাচা মো. মোশারফ হোসেন জানান, সদর উপজেলার বালিয়া এলাকা থেকে সাইকেল চালিয়ে সফরমালী যাচ্ছিলেন সাহিদুল। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি সাহিদুলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে সদর হাসপাতালে নেওয়ার পথে সাহিদুলের মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩০৭ ঘ.
bdnews24