২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়েন্দা আটক: এনএসআই সদস্যদের ডেকেছে তদন্ত কমিটি

গোয়েন্দা পুলিশের তিন পরিদর্শককে গ্রেপ্তারের অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যে কর্মকর্তারা অংশ নিয়েছিলেন, তাদের হাজির হতে বলেছে পুলিশের তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 07:40 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোয়েন্দা পুলিশের তিন পরিদর্শককে গ্রেপ্তারের অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যে কর্মকর্তারা অংশ নিয়েছিলেন, তাদের হাজির হতে বলেছে পুলিশের তদন্ত কমিটি। তদন্ত কমিটি প্রধান পুলিশের যুগ্ন কমিশনার মীর শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনএসআইয়ের সেই সদস্যদের কমিটিতে হাজির করার জন্য সংস্থার মহাপরিচালককে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছিল। অভিযানে অংশ নেওয়া কয়েকজন বুধবার দুপুরে হাজির হবেন বলে মৌখিকভাবে জানানোও হয়েছিল। কিন্তু কেউ হাজির হননি। তবে বৃহস্পতিবার তারা কমিটির সামনে হাজির হতে পারেন বলে আশা প্রকাশ করেন শহিদুল ইসলাম। তিনি বলেন, যার অভিযোগের ভিত্তিতে এনএসআই গত ৬ অক্টোবর তিন পুলিশ পরিদর্শককে আটক করেছিল, সেই জহিরুল ইসলাম জুয়েলকেও দুই দফা চিঠি দিয়ে হাজির হতে বলেছে কমিটি। কিন্তু তিনিও হাজির হননি। কথিত ব্যবসায়ী জুয়েলের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা মহানগর ডিবির পরিদর্শক শফিউদ্দিন শেখ, রুহুল আমিন এবং গিয়াস উদ্দিনকে গত ৬ অক্টোবর রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের সামনে থেকে আটক করে এনএসআই কর্মকর্তারা। ওইদিনই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়। পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করে। এনএসআই পরিচালক সফিক উল্লাহ সাংবাদিকদের জানিয়েছিলেন, জুয়েলের কাছ থেকে তথ্য পেয়েই 'ভুয়া ডিবি' ধরার জন্য সেদিন হলি ফ্যামেলির সামনে ফাঁদ পেতেছিলেন তারা। আর তাতেই ধরা পড়েন পুলিশের তিন গোয়েন্দা। অন্যদিকে পুলিশের অভিযোগ, পরিচয় দেওয়ার পরও তিন গোয়েন্দাকে ধরে নিয়ে গিয়ে মারধর করে এনএসআই। ওই তিন জন বর্তমানে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে আওলাদ হোসেন মোল্লা নামে মানিকগঞ্জের এক ব্যবসায়ী সোমবার রাজধানীর বাড্ডা থানায় জুয়ায় প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। এতে জুয়েলসহ চার জনকে আসামি করা হয়। পুলিশের তদন্ত কমিটি ইতোমধ্যে আওলাদ হোসেন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করেছে বলে যুগ্ম কমিশনার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০১৩২ ঘ.