২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানচেস্টার-ঢাকা ফ্লাইট আবার চালু করছে বিমান

প্রায় পাঁচ বছর পর ম্যানচেস্টার-ঢাকা রুটে আবার ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 05:56 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় পাঁচ বছর পর ম্যানচেস্টার-ঢাকা রুটে আবার ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের উত্তর ব্রিটেনের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ম্যানচেস্টার বিমান অফিসের জন্য বরাদ্দ সব টিকিট বিক্রি হয়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে তিনি বলেন, "আগামী ২২ অক্টোবর নতুন এ বোয়িং বিমান ঢাকা-হিথ্রো-ম্যানচেস্টার-ঢাকা রুটে চলাচল করবে।" বোয়িং বি ৭৭৭-৩০০ইআর বিমান এ সেবা দেবে। এতে বিজনেস ক্লাসের ৩৫টি এবং ইকোনোমি ক্লাসের ৩৮৪টি আসন থাকবে। এর মধ্যে ১৯২টি আসন থাকবে ম্যানচেস্টারের জন্য। ম্যানচেস্টার থেকে সরাসরি ঢাকা এলেও ঢাকা থেকে যাওয়ার সময় প্রথমে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে এ বিমান। "আমরা সপ্তাহে দুবার এ সেবা দেবো।", বলেন সালাহউদ্দিন। যাত্রীর সংখ্যা সালাহউদ্দিন বলেন, প্রতি সপ্তাহে গড়ে প্রায় এক হাজার মানুষ ম্যানচেস্টারে আসে বা উত্তর ব্রিটেন থেকে বাংলাদেশের উদ্দেশে ম্যানচেস্টার ত্যাগ করে। "এ যাত্রীর ৪০ শতাংশ ধরতে পারলেই আমরা সফল হবো।" বর্তমানে মানুষ এমিরেটস বা কাতার এয়ারওয়েজে চলাচল করে। বিমানস্বল্পতার কারণে ২০০৬ সালে ম্যানচেস্টার-ঢাকা ফ্লাইট বন্ধ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২৩১৭ ঘ.