ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটি খসড়া কয়লা নীতি নয়, কোন্ পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হবে সে বিষয়ে সুপারিশ করবে।
আগামী চার মাসের মধ্যে কমিটি সরকারের কাছে এ সুপারিশ জমা দেবে।
বুধবার রাজধানীর কারওয়ানবাজারে পেট্রোবাংলা কার্যালয়ে প্রথম বৈঠক শেষে কমিটির প্রধান পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "দেশে আবিষ্কৃত কয়লা খনিগুলো থেকে উম্মুক্ত না ভূ-গর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হবে সে বিষয়টি ঠিক করা হবে।"
কয়লা উত্তোলনের পদ্ধতি, পানি ব্যবস্থাপনা, আর্থ-সামাজিক, পরিবেশগত এবং পুর্নবাসন বিষয়ে মত দিতে গত ৮ সেপ্টেম্বর ১৫ সদস্যের এ বিশেষজ্ঞ কমিটি গঠন করে সরকার।
এর আগে গত বছরের এপ্রিল মাসে জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনকে প্রধান করে খসড়া কয়লানীতি প্রণয়নের জন্য কমিটি গঠন করে। ওই কমিটি একই বছরের অক্টোবরে খসড়া কয়লানীতি প্রণয়ন করে জনগণের মতামত নিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে। এরপর তা আর চূড়ান্ত হয়নি।
এ অবস্থায় নতুন এই বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়।
বৈঠকে কমিটির অন্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন- পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক এম কে মুজেরী, জ্বালানি বিভাগের যুগ্ম-সচিব (উন্নয়ন) সেফাউল আলম, জ্বালানি বিষয়ক মাসিক পত্রিকা এনার্জি অ্যান্ড পাওয়ার-এর সম্পাদক মোল্লা আমজাদ হোসেন, সাবেক যুগ্ম-সচিব বিনু গোপাল দে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম, জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের পরিচালক মোহাম্মদ নেহাল উদ্দিন, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামসুদ্দিন, বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান এবং পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজাহান।
কমিটির কার্যপরিধি
নতুন কমিটির জন্য পাঁচটি কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে- দেশের খনিক্ষেত্রগুলোর ভূ-তাত্ত্বিক, ভূ-রসায়ন, ভূ-গর্ভস্থ পানির আধার ও অন্য প্রাসঙ্গিক কারিগরি বিষয়াদি বিচার-বিশ্লেষণ করে কয়লাক্ষেত্র থেকে কয়লা উত্তোলন পদ্ধতি সম্পর্কে সুপারিশ, প্রস্তাবিত কয়লা উত্তোলন পদ্ধতির আওতায় ভূ-গর্ভস্থ পানির স্তরের ওপর প্রভাব ও প্রতিকার সম্পর্কে সুপারিশ দেওয়া।
এছাড়া কয়লা উত্তোলনের ফলে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি (ভূমি, ফসল, বসতবাড়ি) এবং অন্যান্য অবকাঠামোর ক্ষতি এবং আর্থিক ও সামাজিক লাভের তুলনামূলক বিশ্লেষণ, স্বীকৃত পদ্ধতি অনুসরণে কয়লা উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত জনগণের ক্ষতিপূরণ ও পুনর্বাসন বিষয়ে সুপারিশের পাশাপাশি সম্ভাব্য বায়ুদূষণ ও পরিবেশের ওপর প্রভাব বিশ্লেষণ।
বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এ পর্যন্ত পাঁচটি কয়লা খনি আবিষ্কার করেছে। এসব খনিতে কয়লার সম্ভাব্য মজুদ প্রায় তিন হাজার মিলিয়ন টন বলে ধারণা করা হয়।
খনি পাঁচটি হলো- দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ী, দীঘিপাড়া জয়পুরহাটের জামালগঞ্জ এবং রংপুরের খালসপীর।
এর মধ্যে বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ভূ-গর্ভস্থ পদ্ধতিতে দৈনিক প্রায় তিন হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন হচ্ছে। যার অধিকাংশ ব্যবহৃত হচ্ছে সেখানকার তাপভিত্তিক ২৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রে।
কয়লা নীতি প্রণয়নের উদ্যোগ
২০০৫ সালে সর্বপ্রথম বাংলাদেশে কয়লা নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।
ওই বছরের ১ ডিসেম্বর বিদেশি বিনিয়োগ নির্ভর, রপ্তানিমুখী এবং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ব্যবস্থা রেখে 'ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার' বা আইআইএফসি-কে দিয়ে একটি খসড়া কয়লা নীতি প্রণয়ন করা হয়।
জোট সরকারের আমলে আইআইএফসি'র করা এই কয়লা নীতির আরো চারটি সংস্করণ তৈরি করা হয় পরের বছর। প্রতিবাদ, প্রতিরোধ ও সমালোচনার মুখে এগুলোর কোনোটাই কার্যকর হয়নি।
এরপর গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে কয়লা নীতির আরো দুটি সংস্করণ তৈরি করা হয়। পরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য আব্দুল মতিন পাটোয়ারির নেতৃত্বে ২০০৮ এর জানুয়ারিতে কয়লানীতির ৮ম সংস্করণ প্রণয়ন করা হয়।
অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার এ ধরনের একটি জাতীয় নীতি চূড়ান্ত করতে পারে না বলে সুশীল সমাজের একাংশ দাবি জানালে নীতিটি ওই অবস্থাতেই রেখে দেওয়া হয়।
এরপর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফের কয়লানীতি প্রণয়নের উদ্যোগ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২২১০ ঘ.
bdnews24