২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৌচাগারেই কাটলো তিন বছর

'মানসিক রোগী' আখ্যা দিয়ে ত্রিশ বছরের এক যুবককে প্রায় তিন বছর আটকে রাখা হয়েছিলো শৌচাগারে। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে জানালেন, তিনি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। জানাচ্ছেন আল-ইমরান শোভন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

আল-ইমরান শোভন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি চাঁদপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)- 'মানসিক রোগী' আখ্যা দিয়ে ত্রিশ বছরের এক যুবককে প্রায় তিন বছর আটকে রাখা হয়েছিলো শৌচাগারে। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে জানালেন, তিনি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। চিকিৎসকের ভাষ্যও একই। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। আর অভিযোগ মো. ফিরোজ আলম নামে ওই যুবকের বাবা, মা ও ভাইয়ের বিরুদ্ধে। বুধবার তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে বাবা শামসুল আলম (৬০), মা হালিমা বেগম (৫০) ও ভাই শাহ আলমকে (৩৫)। শামসুল আলম দাবি করছেন, তিন বছর আগে তার ছেলের 'মাথা খারাপ' হয়ে যায়। স্থানীয়দের ক্ষতি করতে পারে- এমন আশঙ্কায় ছেলেকে শৌচাগারে বন্দি করে রেখেছিলেন। উপজেলার শোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন শামসুল। অবশ্য ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, তিনি কখনোই মানসিক রোগী ছিলেন না। ১৯৯৮ সালে এসএসসি ও ২০০০ সালে এইচএসসি পাস করেছেন। এরপর বিদেশও গিয়েছিলেন। তার ভাষায়, "২০০২ সালে আমি বিদেশ যাই। ২০০৬ সালে দেশে এসে বিয়ে করে তিন মাস পর আবারো বিদেশ চলে যাই। তবে সেখানে গিয়ে জানতে পারি, বাবা-মা ও ভাই শাহ আলম আমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করছেন। শুধু তাই নয়, তাকে মারধরও করা হচ্ছে। এক পর্যায়ে নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় স্ত্রী বাবার বাড়ি চলে যান। এরপর সে আর ফিরে আসেনি।" এসব ঘটনায় দেশে ফিরে আসতে বাধ্য হন ফিরোজ, এমনটি তার দাবি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "দেশে আসার পর আমার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মা-বাবা ও ভাইয়ের সঙ্গে ঝগড়া হতো। পরে স্ত্রীর সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে যায়। এক পর্যায়ে তারা আমাকে বাড়ির টয়লেটে বন্দি করে রাখেন।" ফিরোজ মানসিক রোগী কিনা- বিষয়টি জানতে চাওয়া হলে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমিনুল ইসলাম সুমন জানান, ফিরোজ মানসিক রোগী নয়। দীর্ঘদিন বন্দি করে রাখায় তিনি দুর্বল হয়ে পড়েছেন। বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা চলছে। ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জাবেদ বলেন, পুলিশি জিজ্ঞাসাবাদে আটককৃতরা ফিরোজকে বন্দি করে রাখার কথা স্বীকার করেছেন। অবশ্য তারা দাবি করছে- ফিরোজ মানসিকভাবে অসুস্থ। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। ফিরোজ অভিযোগ করেন, বন্দি করার পর থেকে তিনি অনাহারে-অর্ধাহারে ছিলেন। প্রতিদিন খাবার দেওয়া হতো একবেলা করে। খাবার চাইলেই মারধর করা হতো। "ক্ষুধার যন্ত্রণায় আমি চিৎকার করতাম। কিন্তু তারা আমাকে খাবার দিতো না। পানি চাইলেও পানি দিতো না। টয়লেট থেকে আমি ময়লা পর্যন্ত খেয়েছি।" স্থানীয় এলাকাবাসীদের পাশাপাশি ফিরোজের এক ভাইও ফিরোজের ওপর অমানবিক অত্যাচারের কথা স্বীকার করেছেন। মো. জাহাঙ্গীর হোসেন, জুয়েল হোসেন, জসিম উদ্দিন ও সেলিনা বেগম নামে স্থানীয় কয়েক জনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফিরোজ আলম ভদ্র ও শান্ত প্রকৃতির ছিলো। কারো সঙ্গে কখনো ঝগড়া-বিবাদ করতো না। কিন্তু তার এই করুণ অবস্থা দেখে তারাও হতবাক। তারা মনে করেন, এ ঘটনার পেছনে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় থাকতে পারে। ফিরোজের ছোট ভাই নাছির বলেন, "ভাইয়ের উপর নির্যাতনের প্রতিবাদ করায় আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিলো। এলাকার অনেক গণ্যমান্য লোককে বিষয়টি অবহিত করেছি। যারা এগিয়ে এসেছে তাদের উল্টো গালমন্দ শুনতে হয়েছে। তাই কেউ এগিয়ে আসতো না।" বিষয়টি জানতে পেরে খোঁজ নিয়েছেন রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন খানও। তিনি বলেন, "আমি বিষয়টি কিছুদিন আগে অবহিত হয়ে স্থানীয় এক ইউপি মেম্বারের মাধ্যমে খোঁজ-খবর নেওয়া শুরু করি। সবাই জানিয়েছে ছেলেটি মানসিকভাবে অসুস্থ নয়। সুস্থ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৯৩৭ ঘ.