ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামি কয়েক দিনের মধ্যে ৩২তম বিশেষ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ হবে বলেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের পূর্ণাঙ্গ সভায় বিশেষ এই বিসিএসের বিজ্ঞাপনের খসড়া অনুমোদন হয়।
এতে বলা হয়, ২৮ ও ২৯তম বিসিএস পরীক্ষার শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় কোটায় অপূরণকৃত সংরক্ষিত পদগুলো প্রতিযোগিতামূলকভাবে ৩২তম বিশেষ বিসিএসের মাধ্যমে পুরণ করা হবে।
৩২তম বিশেষ বিসিএস পরীক্ষায় আবেদন করতে আগ্রহী মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় কোটার প্রার্থীদের প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করার জন্য বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন গত ২৫ সেপ্টেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, বিশেষ এই বিসিএস'র মাধ্যমে শুধুমাত্র কারিগরি ও পেশাগত ক্যাডারে এক হাজার চারশ লোক নিয়োগ দেওয়া হবে।
এর আগে ২০০০ সালে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ২৩তম বিশেষ বিসিএস অনুষ্ঠিত হয়।
নেছার উদ্দিন জানান, পিএসসি ও আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ২৮ ও ২৯তম বিসিএস'র যেসব কারিগরি পদ খালি রয়েছে বিশেষ বিসিএস'র মাধ্যমে সেসব সংরক্ষিত পদে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে।
মুক্তিযোদ্ধা, নারী, উপজাতি কোটা এবং পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ২৮তম বিসিএস-এ ৮১০টি এবং ২৯তম বিসিএস-এ ৭৯২টি পদ খালি রয়েছে।
বিশেষ বিসিএস-এ মুক্তিযোদ্ধার সন্তানরা সব ক্যাডারে ৩২ বছর এবং উপজাতি প্রার্থীরা শুধু শিক্ষা ক্যাডারে ৩২ বছরে আবেদন করতে পারবেন বলে জানান তিনি।
৩২তম বিসিএস'র পর ২০১২ সালের জানুয়ারি মাসে ৩৩তম সাধারণ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমএইচসি/পিডি/১৭৩৮ ঘ.
bdnews24