২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যহাতির আক্রমণে আহত আরো এক কৃষকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

শেরপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যহাতির আক্রমণে আহত আরো এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার সীমান্তবর্তী বালিজুড়ি হালুয়াহাটি গ্রামে বন্যহাতির আক্রমণে আহত ফারুক হোসেন (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান। ফারুক ওই গ্রামের শাহ জামালের ছেলে। সোমবার বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলেই অপর কৃষক আমিনুল ইসলাম নিহত হন। জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান জানান, সোমবার সন্ধ্যায় ৩০/৪০টি বন্যহাতি হালুয়াহাটি গ্রামে আমন ধানের ক্ষেতে নেমে ধান খেয়ে ও মাড়িয়ে নষ্ট করতে থাকলে কৃষকরা মশাল নিয়ে তাড়াতে যায়। সে সময় হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আমিনুল নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় ফারুককে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শেরপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে জানিয়ে নাসিরুজ্জামান বলেন, বন বিভাগের আইন অনুযায়ী বন্যপশুর আক্রমণে নিহতের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়া হবে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানায়, গত ২০ বছরে শেরপুরের শ্রীবরদী, নালিতাবাড়ি ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গ্রামে বন্যহাতির আক্রমণে কমপক্ষে ৭০ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছে। আমিনুল ফারুককের লাশ দাফন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৬২৬ ঘ.