নারায়ণগঞ্জ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎ অফিস ঘেরাও ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন পাওয়ার লুম কারখানার শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের সাদারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
লোডশেডিংয়ের প্রতিবাদে উপজেলার বিভিন্ন এলাকার কয়েকশ পাওয়ারলুম কারখানার ৪/৫ হাজার শ্রমিক বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা মাহমুদপুরে অবস্থিত পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে হামলা চালায়।
এক পর্যায়ে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-গোপালদি সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় তারা ১০/১২টি বিভিন্ন ধরনের যানবাহনও ভাংচুর করে। রাত সাড়ে ৯টা পর্যন্ত এই সড়কে যান চলাচল বন্ধ ছিলো। রাত সাড়ে ৯টার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়ারও চেষ্টা করে পুলিশ।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০/৫০ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে।
তিনি জানান, সংঘর্ষে আট পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার হোসেন রয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আড়াইহজার উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক পাওয়ারলুম কারখানা রয়েছে। বেশিরভাগ শ্রমিক উৎপাদন ভিত্তিতে কাজ করে। লোডশেডিংয়ের কারণে তাদের সাপ্তাহিক মজুরি কমে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩৩১ ঘ.
bdnews24