মৌলভীবাজার, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ট্রাকের চাপায় এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকিয়াবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শাহ মুহিদুর রহমান (৫০) মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী। তার বাসা শ্রীমঙ্গলের শ্যামলী আবাসিক এলাকায়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুহিদুর মটর সাইকেল চালিয়ে তার কর্মস্থলে যাচ্ছিলেন। কাকিয়াবাজার এলাকায় শ্রীমঙ্গলগামী দ্রুতগামী ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকাবাসী চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে। তাৎক্ষণিকভাবে চালকের নাম জানা যায়নি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৪৩ ঘ.
bdnews24