ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্যপ্রযুক্তি বিকাশের মাধ্যমে দিন বদলের ঘোষণা বাস্তবায়নের পথে সাফল্যের সঙ্গে এগোচ্ছে তার সরকার।
সরকারি উদ্যোগে দেশে তৈরি ল্যাপটপ 'দোয়েল'র উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো টেশিস'র তৈরি এ ল্যাপটপ। চার ধরনের এ ল্যাপটপের দাম ধরা হয়েছে ১০ থেকে ২৬ হাজার টাকা।
অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তির বিকাশে আওয়ামী লীগের বর্তমান ও বিগত সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, "২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবো। আমাদের স্বাধীনতার ৪০ বছর হয়ে গেছে। আমাদের হাতে সময় কম। আমাদের সবাইকে আরো বেশি কাজ করতে হবে।"
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু চলতি বছরের ডিসেম্বরের মধ্যে টেশিসের তৈরী মুঠোফোন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার এবং আগামী বছরের স্বাধীনতা দিবসের আগে থ্রি-জি (তৃতীয় প্রজন্ম) প্রযুক্তি চালুর ঘোষণা দেন।
হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতেই বলেন, "আমি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত।"
"আমরাও পারি। গর্বের বিষয় হলো- বিশ্বকে আমরা দেখাতে পারি যে, আমরাও পারি," বলেন তিনি।
দোয়েলের বাংলা 'কি-বোর্ড' এবং বাংলা অপারেটিং সিস্টেম সংযোজনের কারণে সবাই সহজে এই ল্যাপটপ ব্যবহার করতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম হাতিয়ার হলে মোবইল ব্রডব্যান্ড সেবা। প্রত্যন্ত অঞ্চলে এই সেবা পৌছানোর জন্য প্রয়োজন থ্রি-জি মোবাইল সার্ভিস। এ লক্ষ্যে চীন সরকারের আর্থিক সহায়তায় একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
সাবমেরিন কেবলের ব্যান্ডউইড ক্ষমতা ৭ দশমিক ৫ থেকে প্রতি সেকেন্ডে ১৪০ গিগাবাইট করা হচ্ছে বলেও প্রধানমন্ত্রী জানান।
দিনবদলের ঘোষণার শুভযাত্রা করতে পেরেছি- এ কথা বলে এর অগ্রযাত্রা ধরে রাখতে সবার সহায়তা চান তিনি। জেলা তথ্য বাতায়ন ও ই-তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা, কম্পিউটার পণ্যের শুল্ক প্রত্যাহারের বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শিক্ষার প্রসারে তথ্যপ্রযুক্তি বিকাশের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "আগামীতে শিক্ষার্থীদের একগাদা বই নিয়ে স্কুলে যেতে হবে না। একটা নোটবুক নিয়ে গেলেই চলবে।"
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকীকে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ডিজিটালাইজড করার অনুরোধ জানান ওই বিশ্ববিদ্যালয়ের এক সময়ের শিক্ষার্থী শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে দোয়েলের চারটি মডেল তুলে দেন রাজিউদ্দিন রাজু। প্রধানমন্ত্রী দুই মুক্তিযোদ্ধার সন্তান মার্জিনা সুলতানা ও সিরাজুল মজিদ পাশা এবং দুই অটিস্টিক শিশু নঈম আহমেদ কিশোর ও নামিরা ফাইরুজের হাতে দোয়েলের প্রাইমারি মডেল তুলে দেন।
প্রধানমন্ত্রী টেশিসের উৎপাদিত পণ্যের স্টল পরিদর্শন করেন। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত টেশিসে একসময় শুধু টেলিফোন সেটই তৈরি হতো। এবার হাত দিলো ল্যাপটপে। মোবাইল ফোন সেট তৈরির পরিকল্পনাও হচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তার বক্তব্যে বলেন, "আমরা শুরু করে গেলাম। নতুন প্রজন্মকে তা এগিয়ে নিতে হবে।"
তিনি বলেন, "ডাক ও টেলিযোগাযোগ খাতে যা সফলতা, তার সবই প্রধানমন্ত্রী। আর মন্ত্রণালয়ের ব্যর্থতা আমার নিজের।"
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দোয়েলের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস প্রমুখ।
মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে ছিলেন। অনুষ্ঠানে দোয়েল'র ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩৪৬ ঘ.
bdnews24