২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন জলবিদ্যুৎকেন্দ্রের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ

দেশে আরো জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করেছে সংসদীয় সরকারি প্রতিষ্ঠান কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 06:53 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে আরো জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করেছে সংসদীয় সরকারি প্রতিষ্ঠান কমিটি। এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) সম্ভাবত্য যাচাই করে একটি প্রতিবেদন কমিটিকে দিতে বলা হয়েছে। সোমবার কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়। দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্র রাঙামাটির কাপ্তাইয়ে। এ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। এর মধ্যে তিন নম্বর (৪০ মেগাওয়াট) আপাতত বন্ধ রয়েছে। বিদ্যুৎ উৎপাদনে পিডিবির সফলতা সম্পর্কে জনগনকে অবহিত করতে পিডিবির চেয়ারম্যানকে প্রচার কার্যক্রম জোরদার করার সুপারিশ করে কমিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পিডিবি ও আরইবির অডিট আপত্তির ক্ষেত্রে আর্থিক বিধি যথাযথভাবে অনুসরণ করা না হলে এবং ভাউচার ছাড়া অর্থ পরিশোধ করা হলে দায়ী কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয় বৈঠকে। বৈঠকে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করারও সুপারিশ হয়। ২০১৪ সালের পর কয়লাকে মূল জ্বালানি হিসেবে বিবেচনায় এনে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে- বলা হয় বৈঠকে। কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফা বৈঠকে সভাপতিত্ব করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/০০৪৭ ঘ.