২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হেফাজতে থাকা আসামির মৃত্যু

সাভারের আশুলিয়ায় পুলিশ হেফাজতে থাকা এক ধর্ষণ মামলার আসামির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 05:09 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

সাভার, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় পুলিশ হেফাজতে থাকা এক ধর্ষণ মামলার আসামির মৃত্যু হয়েছে। সোমবার সকালে চাঁন মিয়া (৬০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ধ্যায় হাসপাতালে তার মৃত্যু হয়। চাঁন মিয়া আশুলিয়ার বাইদগাঁও এলাকার বাসিন্দা। এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে স্থানীয়রা জানায়। নিহতের স্বজনদের অভিযোগ, পুলিশের নির্যাতনে চাঁন মিয়ার মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ বলছে, নির্যাতনে নয়- এলাকাবাসীর পিটুনিতে তার মৃত্যু হয়। আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে সম্প্রতি চাঁন মিয়াসহ আব্দুস সালাম, জামাল, সামসুল ও এমদাদুলের বিরুদ্ধে একটি মামলা হয় আশুলিয়া থানায়। মেয়েটি নিজে বাদী হয়ে মামলাটি করেন। আদালতের নির্দেশে রোববার রাতে আশুলিয়া থানায় মামলাটি (নম্বর-৩১) নথিভুক্ত করা হয়। পুলিশ কর্মকর্তা বলেন, সোমবার সকালে চাঁন মিয়াকে বাইদগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে শওকত হোসেন জানান, জমিজমা নিয়ে বিরোধের কারণে এই সাজানো মামলাটি করা হয়েছে। তিনি আরো বলেন, এর আগেও আরো কয়েকবার তার বাবাকে চুরি ও ডাকাতির মামলায় আটক করেছিল আশুলিয়া থানা পুলিশ। "ধর্ষণের সাজানো মামলা দিয়ে আমার বাবাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিচার চাই আমরা," বলেন তিনি। শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ বি এম আজাহারুল ইসলাম সুরুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্ষনের ঘটনাটি সাজানো। স্থানীয় হাফিজ উদ্দিন মুন্সির সঙ্গে জমি নিয়ে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল চাঁন মিয়ার। উভয়ের পাল্টাপাল্টি মামলাও রয়েছে। তিনি বলেন, সকালে হাফিজ উদ্দিন ও তার স্বজনরা চাঁন মিয়াকে মারধর করে কবিরপুর ফাঁড়ি পুলিশের সহায়তায় থানায় নিয়ে যায়। পরে সন্ধ্যায় শুনতে পাই চাঁন মিয়ার মৃত্যু হয়েছে। চাঁন মিয়ার মেয়ে জামাই ফিরোজ মিয়ার দাবি, পুলিশের নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পুলিশ তাকে নির্যাতন করেনি। এলাকার লোকজন তাকে মারধর করেছিল। সে কারণে অসুস্থ হওয়ায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.