ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়াণগঞ্জ সিটি কর্পোরেশনের এক ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে চান ২০ মামলায় অভিযুক্ত এবং তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামি।
নূর হোসেন নামে ওই ব্যক্তিকে নির্বাচন থেকে বিরত রাখতে নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তিনি ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে লড়ছেন তিনি।
ইসির নির্দেশনা প্রসঙ্গে নারায়ণগঞ্জ পুলিশ সুপার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, "ইসির নির্দেশনা অনুযায়ী তা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। কাউন্সিলর পদে নূর হোসেনের মনোনয়নপত্র এখন অবৈধ। এখন আপিলে কী হয় তা-ই দেখার বিষয়।"
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামি সাজা ভোগের পর পাঁচ বছর পার না হলে প্রার্থী হতে পারবেন না। ওই বিধানেই নূর হোসেনের মনোনয়ন বাদ পড়েছে।
ইসির পরবর্তী নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। তবে মামলাগুলোয় জামিনে রয়েছে নূর হোসেন।
ইতোমধ্যে ইসি সচিবালয়ের উপ সচিব আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৪ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শীর্ষ সন্ত্রাসী, র্যাব, পুলিশ ও ইন্টারপোলের ওয়ারেন্টভুক্ত আসামী মো. নুর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় প্রায় ১৫টি মামলা, কয়েকটি জিডি এবং ফতুল্লা থানায় পাঁচটি মামলা রয়েছে। এছাড়া এক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামিও তিনি।"
"প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এক চিঠিতে পুলিশ সুপারকে ইসির নির্দেশনা পাঠানো হয়েছে।"
সোমবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতোমধ্যে বাছাইয়ে ৩২ কাউন্সিলের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে ২৬ জন আপিল করেছেন। আপিল শুনানিতে কাদের মনোনয়ন বৈধ হয়েছে- এ তালিকা এখনো তার হাতে পৌঁছেনি।
ইসি কর্মকর্র্তারা জানান, বিভিন্ন কারণে অন্যদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা হলে শীর্ষসন্ত্রাসীর অভিযোগে অবৈধ ঘোষণা হয় নূর হোসেনের মনোনয়ন। বাদ পড়াদের আপিল শুনানি চলছে বিভাগীয় কমিশনারের কাছে।
নব গঠিত এ সিটি কর্পোরেশনে নির্বাচন হবে আগামী ৩০ অক্টোবর। ১২ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
এ পর্যন্ত এ সিটি কর্পোরেশনে মেয়র পদে ৮, সংরক্ষিত কাউন্সিলর ৫৬ ও সাধারণ কাউন্সিলর পদে ২৪২ মনোনয়ন বৈধ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৩৭ ঘ.
bdnews24