২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বন্দরনগরী চট্টগ্রামে পরিবহন মালিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট ১২ ঘণ্টার মাথায় প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরী চট্টগ্রামে পরিবহন মালিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট ১২ ঘণ্টার মাথায় প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকালে ধর্মঘট শুরুর পর সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের সঙ্গে পরিবহন মালিকদের এক বৈঠক থেকে ধর্মঘট প্রত্যাহারের এই ঘোষণা আসে। নগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনারের কার্যালয়ে ওই বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম সিটি বাস-মিনিবাস হিউম্যান হল্যার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার নির্ধারিত হারে ভাড়া আদায় এবং নিরাপত্তার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।" তিনি জানান, সোমবার সন্ধ্যায় বৈঠকের পর থেকেই সব রুটে বাস-মিনিবাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার সকালে নগরীর বহদ্দারহাট মোড়ে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে বাস চালক ও শ্রমিকদের সংঘর্ষের জের ধরে মালিক সংগঠনগুলো সোমবার সকাল থেকে ৪৮ ঘণ্টার এই ধর্মঘটের ডাকে। গণপরিবহন বন্ধ থাকায় সকাল থেকেই ব্যাপক ভোগান্তিতে পড়ে নগরবাসী। সমঝোতার জন্য বিকেলে বাস মালিকদের নিয়ে বৈঠকে বসে নগর ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। নগর ট্রাফিকের উপ-কমিশনার ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যানবাহনে চালক-সহকারীদের নিরাপত্তার বিষয়টিতে বৈঠকে বাস মালিকদের আশ্বস্ত করা হয়েছে। আর বাস মালিকরাও আমাদের জানিয়েছেন, তারা সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় করবেন না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/জেকে/১৮৫২ ঘ.