২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া ট্রাস্ট মামলার শুনানি মুলতবি

জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতির মামলায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ ডিসেম্বর পর্যন্ত মুলতবি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতির মামলায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ ডিসেম্বর পর্যন্ত মুলতবি হয়েছে। আসামিপক্ষের আইনজীবীর আবেদনে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোজাম্মেল হক মুলতবির এ আদেশ দেন। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ ও জয়নাল আবেদীন মেসবাহ আদালতে বলেন, এ মামলা সংক্রান্ত একটি রিট আবেদন হাইকোর্টে বিচারাধীন। তা নিষ্পত্তি না হওয়ায় সময় প্রয়োজন। এ মামলায় জামিনে থাকা বিএনপি চেয়ারপারসন দলীয় কাজে ব্যস্ত থাকায় আদালতে উপস্থিত হননি বলে তার আইনজীবীরা জানান। বিদেশে থাকা তারেক রহমানের পক্ষে তার আইনজীবী আদালতে 'হাজিরা দাখিল' করেন। দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালেদা জিয়া এ মামলায় ২০০৯ সালের ৫ অগাস্ট হাজির হন। এরপর একদিনও নির্ধারিত তারিখে হাজির হননি। এ কারণে বিচারক মোজাম্মেল হোসেন অসন্তোষ প্রকাশ করেন।" এ মামলায় জামিনে থাকা আসামি মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ সোমবার আদালতে হাজির হননি। আসামিদের মধ্যে সাবেক সচিব কামালউদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক রয়েছেন। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা করে। গত বছরের ৫ অগাস্ট মামলার অভিযোগপত্র দাখিল হয়। এদিকে সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সোমবারে আদালতে তদন্ত প্রতিবেদন পাঠাননি মামলার তদন্ত কর্মকর্তা। ঢাকার মহানগর হাকিম সুনন্দ বাগচী এ মামলায় আগামী ২১ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ঠিক করেছেন। এ মামলায় আসামি চার জন। খালেদা জিয়া ছাড়া অন্য আসামিরা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, হারিছের তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের সহকারী একান্ত সচিব মনিরুল ইসলাম খান। দুর্নীতি দমন কমিশন গত ৮ অগাস্ট তেজগাঁও থানায় এ মামলা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৩২ ঘ.